Google search engine
প্রচ্ছদচট্টগ্রামমিরসরাইয়ে ৬৮ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

মিরসরাইয়ে ৬৮ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে প্রাইভেটকারে পাচারের সময় ৬৮ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় পাচারে জড়িত মাদক কারবারি বাবু মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করা হয়। রোববার (৩১ মে) রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।

জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা। গ্রেপ্তার বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। ওই গাড়িতে ইয়াবা পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় সন্দেহভাজন প্রাইভেটকারটিকে (ঢাকা মেট্রো-গ ৩৪-৭৬৮৯) থামার সংকেত দিলে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটি আটকে তল্লাশি চালিয়ে পেছনের ডালার নিচে লুকিয়ে রাখা ৭টি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটগুলো খুললে ভেতরে এসব ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটি বড় চালান ঢাকায় যাওয়ার খবর পেয়ে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি করা হয়। আটক প্রাইভেটকারটির পেছনের ডালার ভেতর থেকে সুসজ্জিত প্লাস্টিকে একাধিকবার মোড়ানো ৭টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো থেকে ৬৭ হাজার ৬৮০ পিস আস্ত এবং ৬২০ পিস ভাঙা ইয়াবাসহ মোট ৬৮ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় প্রাইভেটকার চালক বাবু মোল্লাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আব্দুল হালিম আরও জানান, পুলিশ ধারণা করছে গ্রেপ্তার বাবু মোল্লা ইয়াবার কোনো বড় সিন্ডিকেটের সঙ্গে জড়িত। দেশের বিভিন্ন থানায় তার অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ইয়াবা উদ্ধারের এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

spot_img
spot_img
  • সর্বশেষ
  • পঠিত

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন