চট্টগ্রামের পটিয়ায় লোকালয়ে বিরল প্রজাতির একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খলিল ভাণ্ডার এলাকায় মেছোবাঘটি কয়েকজন যুবক উদ্ধার করেন। খবর পেয়ে পটিয়া বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে নিজেদের হেফাজতে নেন।
স্থানীয়রা জানান, গত দুই সপ্তাহ ধরে কচুয়াইয়ের ১ নম্বর ওয়ার্ডের খলিল ভাণ্ডার এলাকার আশপাশে এই মেছোবাঘটি হানা দিচ্ছিল। এটি পালিত মুরগি, হাঁস ও ছাগলের ওপর আক্রমণ চালিয়ে মেরে ফেলে। এতে স্থানীয়দের ব্যাপক আর্থিক ক্ষতি হয়।
স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান ও মো. মাসুদ জানান, মেছোবাঘটি একদিন ধরে পাশের একটি মাছের হ্যাচারি প্রকল্পে আটকা পড়ে ছিল। খবর পেয়ে মাসুদ ও মানিকসহ কয়েকজন সোমবার দুপুর ১২টার দিকে ওই হ্যাচারির প্রায় ২০ ফুট গভীর গর্ত থেকে প্রাণীটিকে উদ্ধার করেন। উদ্ধারের সময় মেছোবাঘটি বেশ তাণ্ডব চালায়, এতে তাদের কয়েকজন সামান্য আহত হন।
পরে মেছোবাঘটিকে খলিল ভাণ্ডার দরবার এলাকায় এনে রশি দিয়ে বেঁধে রাখা হয়। এ সময় বিরল এই প্রাণীটি দেখতে কয়েকশ মানুষের ঢল নামে। মানুষের ভিড় ও চাপ সামলাতে না পেরে পরে সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
পটিয়া দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক জানান, মেছোবাঘটিকে হেফাজতে নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর প্রাণীটির শারীরিক অবস্থা স্বাভাবিক থাকলে সেটিকে নিরাপদ বনে অবমুক্ত করে দেওয়া হবে।


