বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সড়কের প্রান্তে দুর্ঘটনায় পড়েছে একটি মাইক্রোবাস। এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের ওপর নির্মিত ট্রাফিক বক্সে ধাক্কা দেয়। এতে মাইক্রোটি দুমড়ে-মুচড়ে যায়। পরে টানেল কর্তৃপক্ষ সেটি সরিয়ে নেয়।
১৬ জানুয়ারি মঙ্গলবার সকাল ৮টায় আনোয়ারা টানেল সড়ক প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। দুই যুবককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, মোহাম্মদ রুবেল (৩০) ও মোহাম্মদ ফরহাদ (২৮)।
আনোয়ারা থানার পরিদর্শক তদন্ত মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে আছি। তদন্তের কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উপমা বলেন, দুই যুবককে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


