বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। গণতন্ত্র ফিরে আসছে, সেটা অনুভব করছি।” আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-4 (সীতাকুণ্ড ও নগর আংশিক) আসনের কাট্টলি মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষের প্রার্থী হলেও তিনি চট্টগ্রাম-৪ আসনের ভোটার। ভোট প্রদান শেষে তিনি বলেন, “যেকোনো ক্রান্তিলগ্নে, কঠিন সময়ে ও দুঃসময়ে বাংলাদেশের জনগণ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রেখেছে। সংকট উত্তরণের জন্যই তারা বিএনপির নেতৃত্বের ওপর বিশ্বাস রেখেছে।”
তিনি আরও বলেন, “বিএনপি বারবার সংকট থেকে এ দেশের উত্তরণ ঘটিয়েছে। জনগণ চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিক এবং সরকার গঠন করুক।”
এ সময় তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, “দেশের এই সমস্যা থেকে উত্তরণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনার কথা বলেছেন, জনগণ চায় আমরা যেন তা বাস্তবায়নের দিকে যেতে পারি।”


