Google search engine
প্রচ্ছদজাতীয়যাকে দলের প্রার্থী ঘোষণা করা হবে তার জন্য ঐক্যবদ্ধভাবে...

যাকে দলের প্রার্থী ঘোষণা করা হবে তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে: তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের পাঁচটি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীর সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি মতবিনিময় করেছেন।

রোববার (২৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভা।

সভায় তারেক রহমান বলেন,“আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা প্রকৃত বিএনপি কর্মী, তারা কখনো দলকে বিভক্ত করবেন না।”

মতবিনিময় চলাকালে মনোনয়নপ্রত্যাশীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তবে তারা নিজেরা বক্তব্য দেওয়ার সুযোগ পাননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্রটি থেকে আরো জানা যায়, যোগ্যতা থাকা সত্ত্বেও যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদের পরবর্তীতে মূল্যায়ন করা হবে। আসনে বঞ্চিত হওয়া মনোনয়ন প্রত্যাশীদের সাথে নিয়ে জনগণের কাছে যেতে হবে দলের মনোনয়ন পাওয়া প্রার্থীকে। আবার দলের মনোনয়ন পাওয়ার খবরে বিজয় মিছিল বা এলাকায় মিষ্টি বিতরণ করতে পারবেন না কোনো প্রার্থী। আগামী সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের এ বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র অনুযায়ী, বিকেল ৪টা থেকে প্রথমে চট্টগ্রাম ও রংপুর বিভাগের প্রার্থীদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। এরপর ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সোমবার রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। তারা সতর্ক করে বলেন, “দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যদিও এটি দলের জন্য কঠিন সময়, তবুও সবাইকে দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে।”

spot_img
spot_img
  • সর্বশেষ
  • পঠিত

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন